মঙ্গলবার টানা দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি।
ভারতীয় জনতা পার্টির একটি সূত্র জানাচ্ছে, আগামী সপ্তাহের মাঝামাঝি নরেন্দ্র মোদী শপথগ্রহণ করতে পারেন। পার্টির অভ্যন্তরে এখনও পর্যন্ত মঙ্গলবার মোদির শপথ গ্রহণের দিন ঠিক হয়েছে।
তবে সরকারিভাবে বিজেপি নেতৃত্ব মোদির শপথগ্রহণের দিনক্ষণ ঘোষণা করেনি। খবর এইসময়।
ওই সূত্র জানায়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ দিল্লির মসনদে ফেরার পরেই সরকারের শপথগ্রহণের দিন নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রবল মোদী-ঝড়ে এনডিএ এবার সাড়ে ৩০০-র বেশি আসন পেয়েছে।
২০১৪ সালে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলির প্রতিনিধিরা আমন্ত্রিত ছিলেন। পাকিস্তানের তত্কালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, শ্রীলঙ্কার সে সময়কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে, নেপালের প্রধানমন্ত্রী সুশালী কৈরালা, মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন উপস্থিত ছিলেন।
পাশাপাশি ধর্মেন্দ্র, অনুপম খের, সলমন খান, বিবেক ওবেরয়ের মতো বলিড সেলিব্রেটিরাও ছিলেন।
তবে এবার তেমন পরিকল্পনা এখন পর্যন্ত নেয়া হয়নি বলে ওই সূত্র জানায়।