কর্ণফুলীতে লাইটারেজ জাহাজডুবি

কর্ণফুলী নদীতে ‘এমভি সি ক্রাউন’ নামে পাথরবোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের শাহ আমানত সেতু সংলগ্ন কর্ণফুলীর দক্ষিণ পাড়ে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) উপপরিচালক গিয়াস উদ্দিন বলেন, ‘বুধবার রাতে পাথর নিয়ে সি-ক্রাউন লাইটার জাহাজটি কর্ণফুলী নদীর ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকায় আসে। শাহ আমানত সেতুর দক্ষিণ তীরের কাছাকাছি নোঙর করে পাথর খালাস করছিল। ভোরের দিকে তলা ফেটে সেটি ডুবে গেছে।’

তিনি আরও জানান, জাহাজটিতে নাবিক-শ্রমিক মিলিয়ে ১১ জন ছিলেন। তারা সবাই নিরাপদে তীরে উঠেছেন।