আড়াইহাজারে লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধনিচাক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহম্পতিবার সকালে উপজেলার রাধানগর গ্রামের ওই ক্ষেত থেকে পরসীউল্যাহর (৫৫) লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। গত বুধবার দিনগত রাতের যেকোনো সময় ওই ব্যক্তি হত্যাকা-ের শিকার হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। মৃত পরসীউল্যাহ ওই গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পরসীউল্যাহ গত বুধবার বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফেরেননি। তার সঙ্গী কাউসারকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। নিহতের বিশেষ অঙ্গসহ একটি চোখে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের সময় তার নাকমুখ দিয়ে রক্ত ঝরছিল। তবে পুলিশ প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানাতে পারেনি।

নিহতের ভাই শাহজালাল মিয়া জানান, তার ভাইয়ের সঙ্গী কাউসারকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা জানা যাবে। তার ভাইকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।