ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের দায়ে বৃহস্পতিবার ৫ পরিবহনের বাসকে এক লাখ টাকা জরিমানা করেছে বিআরটিএ।
চট্টগ্রাম নগরের দামপাড়া, অলংকার, এ কে খান ও কর্নেলহাট এলাকায় বাস কাউন্টারে এ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনজুরুল হক। তিনি বলেন, বিভিন্ন পরিবহনের বাস কাউন্টারগুলোতে নির্ধারিত ভাড়ার চেয়ে ৫০০ থেকে এক হাজার টাকা বেশি আদায় এবং বাড়তি ভাড়া নিয়ে টিকিটে কম উল্লেখ করা হচ্ছে। কাউন্টারে কাগজপত্র যাচাইয়ে যাত্রীদের অভিযোগ প্রমানিত হওয়ায় ৫ পরিবহনের কাউন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে আর এম ট্রাভেলসকে ২৫ হাজার, শাহ ফতেহ আলী পরিবহনকে ২০ হাজার, বেপারী পরিবহনকে ৩০ হাজার, লিটন পরিবহনকে ২০ হাজার ও বলেশ্বর পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া টিকিট সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ায় দেশ ট্রাভেলসকে সতর্ক করা হয়।
অভিযানে বিআরটিএর কর্মকর্তা মেহেদী ইকবাল, পরিদর্শক পার্থ প্রতীম উপস্থিত ছিলেন।