বান্দরবানের রুমা উপজেলা থেকে মগ লিবারেশন পার্টির এক নেতাকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী।
আটককৃত ব্যক্তির নাম মন্টু মারমা। তার কাছ থেকে দেশে তৈরী একটি বন্দুক এবং মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
রুমা থানার একটি সূত্র জানায়, গত বুধবার সকালে রুমা উপজেলার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা গেছে, মন্টু মারমা বেশ কিছুদিন ধরে রুমার বিভিন্ন এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজিতে জড়িত। তার বিরুদ্ধে গত বছর রুমা উপজেলার বাসাদেওপাড়ার কারবারীকে অপহরণ এবং এ বছরের ২৫ জানুয়ারি ৪ কাঠুরিয়াকে অপহরণের অভিযোগ আছে। এছাড়া রুমার দুই পাহাড়ি কিশোরীকে ধর্ষণেও অভিযুক্ত তিনি।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, মন্টুকে আটকের ঘটনা শুনেছি। তবে সেনাবাহিনী এখনো তাকে পুলিশের কাছে হস্তান্তর করেনি।