রাজধানীর কারওয়ানবাজারে সার্ক ফোয়ারার সামনে দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হাসানের মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে করা রিটের রায় পিছিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ আগামী ২০ জুন রায়ের নতুন দিন ধার্য করে। কোনো ব্যক্তি দুর্ঘটনায় আহত বা নিহত হলে সংশ্লিষ্ট যানের ইন্স্যুরেন্সকারী কোম্পানি কীভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে আদালতে শুনানি হয়। এরপরই হাইকোর্ট রায়ের নতুন এদিন ঠিক করে। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
গত বছর ৩ এপ্রিল সার্ক ফোয়ারার কাছে বিআরটিসি ও স্বজন পরিবহনের বাসের রেষারেষিতে রাজীবের ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৪ এপ্রিল রাজীবের চিকিৎসা ও ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী কাজল। রাজীবের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৬ এপ্রিল মারা যান তিনি। এরপর আদালত রিটের ওপর শুনানি নিয়ে রাজীবের মৃত্যুতে তার পরিবারকে কেন ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে।