ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়া নিয়ে যা বললেন কোহলি

ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই নিয়ে উন্মুখ থাকে পুরো বিশ্ব। কিন্তু চির প্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যে রাজনৈতিক বৈরীতার কারণে ধ্রুপদী এই লড়াই থেকে অনেক দিন ধরেই বঞ্চিত ক্রিকেটামোদীরা। কেন দেশ দুটির লড়াই হচ্ছে না এ নিয়ে কোনো সদুত্তর দিতে পারলেন না টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

৩০ মে থেকে পর্দা উঠছে আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসরের। ১৬ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে হবে ভারত-পাকিস্তান লড়াই। সম্প্রতি ভারত কাশ্মীরে সন্ত্রাসী হামলার জের ধরে এই ম্যাচটিও না খেলার দাবি তোলা হয়েছিল ভারতের পক্ষ থেকে। যদিও তাদের এই দাবি মেনে নেয়নি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি।

বিশ্বকাপ উপলক্ষে বৃহস্পতিবার লন্ডনে হয়ে গেল অংশগ্রহণকারী দশ দলের অধিনায়কদের সংবাদ সম্মেলন। সেই আলাপচারিতায়ও প্রসঙ্গক্রমে উঠে আসল ভারত-পাকিস্তানের ম্যাচ না হওয়া প্রসঙ্গ।

এ ব্যাপারে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ নিশ্চুপ থাকলেও কৌশলী উত্তর দিলেন কোহলি, “আমি এই উত্তর দেওয়ার যোগ্য মানুষ নই। সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তর দেওয়ার অধিকার দেওয়া হয়নি, এটা বোর্ড জানে। আমার ব্যক্তিগত মতের সাথে কিছু যায় আসে না।”

“ভক্তরা যেভাবে দেখেন সেভাবে কিন্তু খেলোয়াড়রা মাঠে খেলে না। খেলা শুরু হলে সবাই পেশাদার আচরণ শুরু করে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিকে আলাদা করে দেখছি না। প্রত্যেক দল একে অপরকে হারাতে পারে, এটাই সৌন্দর্য। সব দল শক্তিশালী। তাই অন্য কোনো বিষয় নিয়ে ভাবলে মনোযোগে ব্যাঘাত ঘটবে।”