মুম্বাই লিগের সেমি-ফাইনালে শচীনের ছেলে অর্জুনের দল

মুম্বাই প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সবচেয়ে দামি খেলোয়াড়। তার ওপর শচীন টেন্ডুলকারের পুত্র। অর্জুন টেন্ডুলকারের দিকে থাকে সবার নজর। পারফরম্যান্সেও হতাশ করছেন না উদীয়মান এই ক্রিকেটার। লিগের সেমি-ফাইনাল টিকিট পেয়ে গেছে অর্জুনের দল আকাশ টাইগার্স এমডব্লিউএস।

এই প্রথম মুম্বাই প্রিমিয়র লিগে খেলার সুযোগ পেয়েছেন অর্জুন। প্রথমবারই পৌঁছে গেলেন আট দলের টুর্নামেন্টের সেমি-ফাইনালে। দলকে শেষ চারের টিকিট এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করলেন।

সেমি-ফাইনালে যেতে হলে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে জিততেই হতো অর্জুনদের। যে কাজটা ঠিকমতো সম্পন্ন করে তাঁর দল আকাশ টাইগার্স। শিবাজি পার্ক লায়ন্সকে শেষ ম্যাচে তারা ৭ উইকেটে পরাজিত করে এবং সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত করে।

ওয়াংখেডড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে শিবাজি লায়ন্সকে ব্যাট করার আমন্ত্রণ জানায় আকাশ টাইগার্স। কুলকার্নি, মুলানি, অর্জুনদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৭ রানের বেশি তুলতে পারেনি শিবাজি লায়ন্স।

অর্জুন ৪ ওভারে মাত্র ২৩ রানের বিনিময়ে ওপেনার শচীন যাদবের উইকেটটি তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে আকাশ টাইগার্স ১৭.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩১ রান তুলে ম্যাচ জিতে যায়। ইনিংসের গোড়াপত্তন করতে নেমে অর্জুন ২টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১০ রান করে আউট হন। অপর ওপেনার ভাবিন ঠক্কর ৬৫ এবং পাঁচ নম্বরে ব্যাট করতে নামা মুলানি ৪০ রান করে অপরাজিত থাকেন।

শনিবার সোবো সুপারসনিকের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে আকাশ টাইগার্স।