বিশ্বকাপের আগে চোটে মরগান

বিশ্বকাপ শুরুর আগেই অস্বস্তি ইংল্যান্ড শিবিরে। শুক্রবার অনুশীলনে আঙুলের চোটে পড়েছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ান মরগান।

শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্বকাপের স্বাগতিকেরা। তার আগে এদিন সাউদাম্পটনে অনুশীলন ছিল ইংল্যান্ড দলের। মরগান স্লিপ পজিশনের ক্যাচ প্র্যাকটিস করছিলেন। এমন সময় বাঁ-হাতের আঙুলের চোটে পড়েন মরগান।

পরে মরগানের আঙুলের এক্স-রে করা হয়েছে। রিপোর্টের পর জানা যাবে ইনজুরি কতটা গুরুতর।

ইংল্যান্ড স্পিনার লিয়াম ডসন সতীর্থের গুরুতর কিছু হবে না বলে আশা করছেন। সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমি মনে করি না খারাপ কিছু হবে। কি হয় সেটা দেখতে অপেক্ষা করতে হবে। আশা করি সে ফিট হয়ে ফিরবে।’’

৩০ মে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে ইংল্যান্ড। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তার আগে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা।

শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মরাগান খেলতে পারবেন কিনা সে শঙ্কা থাকছেই। মরগান খেলতে না পারলে প্রস্তুতি ম্যাচটিতে ইংলিশদের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক জস বাটলার।