মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে শিক্ষাব্যবস্থায় কারিগরি বিষয়ে অধিক জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলায় এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থায় গত ১০ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। ওই উন্নয়নের ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা এখন শিক্ষার মান বৃদ্ধির কাজ করছি।
অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ঘূর্ণিঝড় ফণির আঘাতে ক্ষতিগ্রস্ত ৫৬টি পরিবারের মধ্যে ঢেউটিন, চাল এবং নগদ টাকা করে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী প্রমুখ।