খুলনার রাষ্ট্রায়ত্ত স্টার জুট মিলে অগ্নিকান্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার মিলের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বিদুষ কুমার দাসকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটি এরই মধ্যে তাদের কাজ শুরু করেছে।
গত বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে খুলনার ভৈরব নদসংলগ্ন দীঘলিয়া উপজেলার চন্দনী মহল গ্রামে রাষ্ট্রায়ত্ত স্টার জুট মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে গতকাল শুক্রবার পোড়া পাটের ভেতর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়।
এ ছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মিলের প্রকল্প প্রধান (জিএম) শাওন মাহমুদ জানান, আগুন লাগার সময় মিলের উৎপাদন বন্ধ ছিল। ফলে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাটের উচ্ছিষ্ট অংশে প্রথমে আগুন লাগে।