নরসিংদীতে লঞ্চ টার্মিনালের টয়লেটে দুই শিশুর লাশ

নরসিংদীতে লঞ্চ টার্মিনালের টয়লেট থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী পৌর শহরের লঞ্চ টার্মিনালের টয়লেট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, কেউ তাদের শ্বাস রোধ করে হত্যার পর লাশ ফেলে রেখে যেতে পারে।

পুলিশের ভাষ্যমতে, নরসিংদী পৌর শহরের লঞ্চ টার্মিনালের টয়লেটে দুজনের লাশ পড়ে আছেÑ এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং টয়লেটে দুই শিশুর লাশ পড়ে থাকতে দেখে। এদের মধ্যে একজনের বয়স ১২ বছর, অন্যজনের চার। পরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। খবর পেয়ে নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনসহ পুলিশের ঊর্র্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সুপার মিরাজ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাস রোধ করে হত্যা করার পর তাদের লাশ এখানে ফেলে রাখা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার পর থেকেই পুলিশের কয়েকটি টিম তদন্ত শুরু করেছে।