পুকুরে ডুবে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থীর

রংপুরে সৌখিন হোসেন (২২) নামে মেডিকেল কলেজের এক শিক্ষার্থী পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে নগরের ২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের পাশে বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সৌখিন হোসেন রংপুরের বেসরকারি প্রাইম মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নগরের ধাপ এলাকার বাসিন্দা ডা. সামসুজ্জামানের ছেলে তিনি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সৌখিন তার দুই বন্ধুসহ গোসল করতে ওই পুকুরে নেমে পানিতে তলিয়ে যান। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।