কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

কুমিল্লায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাকির হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার পালপাড়া গোমতী ব্রিজের পাশে বন্দুকযুদ্ধে নিহত জাকির মাদক, অস্ত্রসহ ১৭ মামলার আসামি। তিনি মহানগরীর শাসনগাছা এলাকার বাসিন্দা।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন জানান, বৃহস্পতিবার মধ্যরাতে পালপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। মাদক কারবারিরা

পালিয়ে গেলে গুলিবিদ্ধ জাকিরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ১২০০ ইয়াবা, একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে ‘ছিনতাইকারী’ আহত : নগরীর খুলশী থানার ভাঙ্গারপুল এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মামুন উদ্দিন (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। পুলিশে দাবি, গত বৃহস্পতিবার মধ্যরাতে ভাঙ্গারপুল এলাকায় বন্দুকযুদ্ধে আহত যুবক ছিনতাইকারী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকার নুরুল আলমের ছেলে।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান, গত মঙ্গলবার বিকেলে খুলশী থানার ঝাউতলা এলাকায় একটি বাস ডিবি পুলিশ পরিচয়ে থামিয়ে এক যাত্রীর কাছ থেকে ৩ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় মামুনসহ তার সহযোগীরা। পরে ছিনতাইয়ের শিকার গণেশ সিংহ বাদী হয়ে মামলা করেন। বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলায় অভিযান চালিয়ে আবু জাহেদ (২৩) ও আরিফুল ইসলাম (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করে নগদ ৩২ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ওসি আরও জানান, জাহেদ ও আরিফুলের দেওয়া তথ্যের ভিত্তিতে মামুনকে গ্রেপ্তার করতে ভাঙ্গারপুল এলাকায় গেলে তার সহযোগীরা গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। সবাই পালিয়ে গেলে মামুনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে একটি দেশি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।