সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত কচুয়ার ইব্রাহিম

সৌদি আরবের রাজধানী রিয়াদে গত বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। ইব্রাহিম চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সফিবাদ গ্রামের ফজলুল রহমানের ছেলে।

ইব্রাহিমের মৃত্যুর সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে এসেছে পাড়া-প্রতিবেশীদের মধ্যে।

নিহত ইব্রাহিমের বাবা ফজলুল রহমান জানান, প্রায় আড়াই বছর আগে জমিজমা বিক্রি করে ছেলেকে সৌদি আরব পাঠান। গত বৃহস্পতিবার কর্মস্থলে যাওয়ার সময় রাস্তায় একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যান। পরদিন তিনি ছেলের সড়ক দুঘটনায় মারা যাওয়ার খবর পান আত্মীয়ের মাধ্যমে। ইব্রাহিমের মৌসুমি আক্তার (৮) ও ইয়াসছিন (৫) নামে দুটি কন্যাসন্তান রয়েছে। বর্তমানে তার লাশ রিয়াদের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য মো. সফিউল খান জানান, ইব্রাহিম একজন সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন। ইব্রাহিমের পরিবারে উপার্জন করার মতো কেউ নেই। ঘরে তার বৃদ্ধ বাবা রয়েছেন।