দেশে এখনো ৩৪ শতাংশ মানুষের বয়স ৩০ বছরের নিচে। এদের চাকরিতে না পাঠিয়ে উদ্যোক্তা তৈরিতে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে ভাবতে হবে। ব্যাংক এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তাই ব্যাংকিং খাত উদ্যোক্তাবান্ধব হতে হবে। গতকাল শনিবার রাজধানীর ঢাকা স্কুল অব ইকোনমিক্সের (ডিএসসিই) উদ্যোক্তা ক্লাবের আয়োজেন ‘উদ্যোক্তার উন্নয়নে প্রযুক্তিগত জ্ঞান ও বিপণন কৌশলের ভূমিকা’ শীর্ষক সেমিনার এসব কথা বলেন বক্তারা। ডিএসসিইর উদ্যোক্তা অর্থনীতি কোর্সের সমন্বয়ক অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ডিএসসিইর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী।
সেমিনারে ‘সমতাভিত্তিক প্রবৃদ্ধি : পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, সমাজ ও মানুষ বাদ দিয়ে কোনো প্রযুক্তি নয়। প্রযুক্তি পরিবেশকে ধ্বংস করছে নাকি উন্নতি করছে সেগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। প্রযুক্তির কারণে বিভক্তি ও বৈষম্য যেন না হয় সেদিকে নজর রাখতে হবে।