ফল ও সবজি খাওয়ার যৌক্তিকতা

গরমের মৌসুমে অন্যান্য সময়ের চেয়ে এ রমজানে নিজেকে অপেক্ষাকৃত সুস্থ, সবল এবং নীরোগ রাখার চেষ্টা করতে হবে। এ সময়ে শরীরকে সুস্থ রাখার জন্য মৌসুমের ফল ও সবজি গ্রহণ একান্ত প্রয়োজন। ঋতুভেদে বিভিন্ন বর্ণের শাকসবজি এবং ফল বেছে নেওয়া উচিত। ভিন্ন ভিন্ন বর্ণের ফল ও সবজিতে ভিন্ন ভিন্ন পুষ্টি উপাদান থাকে যা দেহকে সুস্থ রাখতে সাহায্য করে। বিভিন্ন বর্ণের সবজি ও ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ উপাদান, ফাইটো কেমিক্যাল এবং খাদ্য আঁশ। যা শরীরকে সুস্থ, সবল এবং শক্তির মাত্রাকে সঠিক রাখে। সাধারণত রঙের ওপর ভিত্তি করে ফল ও সবজিকে ৫ ভাগে ভাগ করা যায়, যেমনÑ নীল বা বেগুনি, সাদা, লাল, হলুদ বা কমলা এবং সবুজ।

নীল বা বেগুনি রঙের ফল ও সবজি : এ রঙের ফল ও সবজিতে প্রচুর ফাইটো কেমিক্যাল থাকে। বিশেষ করে এনথোসায়নিন এবং ফিনোলিক্স। এছাড়া অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি এইজিং ফ্যাক্টর (যা বয়সকে অক্ষুণœ রাখে) বর্তমান রয়েছে। এ ধরনের সবজি কিছু কিছু ক্যানসার প্রতিরোধ, মূত্রনালির সুস্থতা বজায় রাখে, স্মৃতিশক্তি অক্ষুণœ রাখে এবং বয়স ধরে রাখার ক্যাপাসিটর হিসেবে কাজ করে। যেমন বেগুন, মিষ্টি আলু, ক্যাপসিকাম, জাম ইত্যাদি। যা এ মৌসুমে অর্থাৎ এ রমজানে গ্রহণ করা উচিত। 

লাল বর্ণের ফল ও সবজি : লাল বর্ণের ফল ও সবজি হার্টের সুস্থতা, স্মৃতিশক্তি রক্ষা, কিছু কিছু ক্যানসার প্রতিরোধ এবং ম্ত্রূনালির সুস্থতা বজায় রাখতে সক্ষম। যেমনÑ তরমুজ, লাল আপেল, কমলা, চেরি, স্ট্রবেরি, বিট, লাল টমেটো ইত্যাদি। এসব রঙিন ফল দিয়ে খুব সহজেই প্রতিদিন ইফতারে ফ্রুট ককটেলের আয়োজন করতে পারেন।

সবুজ বর্ণের ফল ও সবজি : গাঢ় সবুজ রঙের ফল ও সবজি গ্রহণ ক্যানসার প্রতিরোধক, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ, দৃষ্টিশক্তির ক্ষমতা বৃদ্ধি, হাড় ও দাঁতের সুস্থতা দান করে। যেমন সবুজ আপেল, ব্রকোলি, বাঁধাকপি, ঢেঁড়স, আমড়া, জলপাই, লেটুস, কাঁচামরিচ, কাঁচা আম, কচি কাঁঠাল  ইত্যাদি। এ রমজানে অবশ্যই এ ধরনের সবজি অন্তর্ভুক্ত করুন।

সাদা রঙের ফল ও সবজি : সাদা বর্ণের সবজিগুলোর মধ্যে রয়েছে সাদা পিচ, লিচু, জামরুল, ফুলকপি, রসুন, আদা, মাশরুম, আলু, সাদা কর্ন ইত্যাদি প্রধান। সাদা বর্ণধারী সবজি এবং ফল দেহকে সুস্থ রাখে, রক্তে কোলস্টেরলের মাত্রা কমায়। এই বর্ণের সবজিগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের কম চর্বিযুক্ত খাবার বলা হয়।

হলুদ, কমলা বর্ণের ফল ও সবজি : এই গোষ্ঠীর ফল ও সবজিতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি, ক্যারোটিন এবং দুই ধরনের ফাইটোকেমিক্যাল থাকে। এ ছাড়াও হার্টের সুস্থতা, দৃষ্টিশক্তির প্রখরতা, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। এছাড়াও এরা ক্যানসার প্রতিরোধক। উৎস হিসেবে আছে আঙ্গুর, লেবু, পাকা পেঁপে, আনারস, মিষ্টি কুমড়া, মিষ্টি কর্ন, গাজর, কমলা ইত্যাদি।

ওপরে উল্লিখিত সবজি ও ফলে রয়েছে শর্করা, প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম, ফলিক এসিড, ক্যালসিয়াম, লৌহ এবং খাদ্যআঁশ। রমজানের এই মৌসুমে কমপক্ষে ৫ পরিবেশন ফল ও সবজি গ্রহণ করুন।