ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল শনিবার দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। তারা হলেনÑ জাবেদা খাতুন ও জমিলা বেগম। কুয়েত এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওঠার আগে তাদের আটক করা হয়। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তারা সৌদি আরবে ওমরাহ পালনের কথা বলে যাচ্ছিলেন।
পুলিশের এক কর্মকর্তা জানান, উড়োজাহাজে ওঠার আগে তাদের আচরণে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথা বললে আটক করা হয়। জাবেদা নারায়ণগঞ্জ থেকে এবং জমিলা চট্টগ্রাম থেকে পাসপোর্ট করেছেন। পরে পুলিশ তদন্তে নিশ্চিত হয় তারা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত নাগরিক। পুলিশের ধারণা এই দুই নারীর স্বজন সৌদি আরবে আছেন, যারা আগেই সে দেশে গিয়েছেন। বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া বলেন, ইমিগ্রেশন থেকে দুই রোহিঙ্গা নারীকে থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, এক দালালের মাধ্যমে ভুয়া পাসপোর্ট করে সৌদি আরব যাচ্ছিলেন।