সংলাপে মেয়র আতিকুল

ফুটপাত দখলমুক্ত রাখতেই হবে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত রাখতেই হবে। কারণ ফুটপাত দখলে থাকলে জনগণ হাঁটবে রাস্তা দিয়ে। তখন অবধারিতভাবে গাড়ির গতি কমবে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ’ আয়োজিত ‘কতটা বাসযোগ্য ঢাকা মহানগরী’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফুটপাত দখলমুক্তের কোনো বিকল্প নেই। এটি নিশ্চিত করতে পারলে যানজট অনেক কমে যাবে। তিনি বলেন, নগরবাসী নিরাপদ নগর, নিরাপদ সড়ক ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবি তুলেছে। এটা সময়ের দাবি। এটা নিশ্চিত করার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এ কাজ বাস্তবায়নে সবার সহযোগিতা দরকার।