কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ ও পাকিস্তান মধ্যকার ম্যাচের আগে মোষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণে টসও দেরি হচ্ছে। বিশ্বকাপের আগে দল দুটির প্রস্তুতি ম্যাচটি নিয়ে দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা।
আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে, ঘণ্টা খানেক চলতে পারে বৃষ্টি। এরপর চলবে মেঘ-রোদের খেলা। ফাঁকে আবারো নামতে পারে বৃষ্টির ঢল। তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে।
প্রস্তুতি ম্যাচ হলেও তা হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। কোনোভাবেই জয়ের ছন্দে পতন ঘটাতে চায় না তুমুল ফর্মে থাকা লাল-সবুজরা।
সাম্প্রতিক পারফরম্যান্সে উজ্জীবিত বাংলাদেশ শিবির। ইংল্যান্ডে যাওয়ার আগে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে শিরোপা জিতেছে তারা। বহুজাতিক কোনো টুর্নামেন্টে এটাই দলটির প্রথম শিরোপা। তাও অপরাজিত চ্যাম্পিয়ন! শুধু মূল একাদশ নয়, রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়রাও আছেন দারুণ ফর্মে।
বাংলাদেশের তুলনায় অনেক পিছিয়ে পাকিস্তান। গেল ১১ ম্যাচের সবকটিতেই হেরেছে তারা। গত শুক্রবার প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও হেরেছে তারা। বিশ্ব র্যাঙ্কিংয়েও দুই দলের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বাংলাদেশ (সপ্তম) ও পাকিস্তানের (ষষ্ঠ)।
২০১৫ সাল থেকে পাকিস্তানকে টানা হারিয়েই যাচ্ছে বাংলাদেশ। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচেও হারেনি টাইগাররা। শুধুই জয় সঙ্গী হয়েছে। চার ম্যাচে লড়াই করে চারটিতেই জিতেছে তারা। আজকের লড়াইয়ে এর ব্যতিক্রম হবে না বলে সবার বিশ্বাস।