বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণ, আহত-১

বাগেরহাটের কচুয়ায় বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরিত হয়ে আলতাফ শেখ (৪৬) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

রোববার বিকেলে কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের লড়ারকুল গ্রামে এই ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে। পরে পুলিশ সেখানে গিয়ে আলতাফ শেখকে হেফাজতে নিয়েছে।

তবে আলতাফ শেখের পরিবারের সদস্যদের দাবি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনি আহত হয়েছেন।

আহত আলতাফ শেখ কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের লড়ারকুল গ্রামের শেখ মোসলেম আলীর ছেলে।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সজল কান্তি বিশ্বাস সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, রোববার বিকেল চারটার দিকে আহত আলতাফ শেখের পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। তার মুখের বিভিন্ন স্থান ঝলসে গেছে। তার চোখেও আঘাত লেগেছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। কোন বিষ্ফোরকদ্রব্যের স্প্রিন্টারের আঘাতে আলতাফ আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে সে আশংকামুক্ত।

তবে তার পরিবারের সদস্যরা বলছেন ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়ে তিনি আহত হয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সফিকুর রহমান বলেন, রোববার বিকেলে কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের লড়ারকুল গ্রামে আলতাফ শেখের বাড়িতে হঠাৎ করে একটি বিস্ফোরণের শব্দ হয়। এই শব্দ টের পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন আলতাফের পরিবারের সদস্যরা আলতাফকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

 প্রতিবেশি ও হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলতাফের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বোমা তৈরি করতে গিয়ে আলতাফ আহত হয়েছেন, তার সত্যতা পুলিশ পেয়েছে। আলতাফকে আমরা পুলিশি হেফাজতে নিয়েছি। পুলিশি পাহারায় তার চিকিৎসা চলছে।

তিনি কেন কি উদ্দেশ্যে বোমা তৈরি করছিলেন তা জানতে পুলিশ চেষ্টা করছে। তার বিরুদ্ধে কচুয়া থানায় আগে কোন মামলা রয়েছে কিনা তা পুলিশ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।