রাজধানীর পোস্তগোলা ব্রিজের ঢালে ট্রাকের ধাক্কায় সুমা আক্তার (৪০) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন।
সোমবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর একটায় মৃত ঘোষণা করেন।
নিহত সুমা আক্তার কেরানীগঞ্জ মজিদ বেয়ারা বাজার এলাকার কুয়েত প্রবাসী আসাদ মিয়ার স্ত্রী। ২ ছেলের জননী ও ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ছোট ছেলে মো. সুস্ময় জানায়, কেরানীগঞ্জের বাসা থেকে সকালে টাকা তোলার জন্য শ্যামপুর ইসলামী ব্যাংকে আসেন তার মা। টাকা তুলে ব্যাংক থেকে বেরিয়ে বাসায় যাওয়ার জন্য পোস্তগোলা ব্রিজের ঢালে রাস্তা পার হচ্ছিল। এ সময় পেছন থেকে কেরানীগঞ্জগামী একটি ট্রাক তার মাকে ধাক্কা দেয়। এতে তিনি সিটকে পড়ে যান। সঙ্গে সঙ্গে ট্রাকটি চলে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।