চলন্ত ট্রেনে ঢিল না ছোড়ার আহ্বান জানিয়ে মাইকিং

চলন্ত ট্রেনে ঢিল না ছুড়তে অনুরোধ জানিয়ে সীতাকুণ্ডের চারটি রেলস্টেশন ও আশপাশের এলাকার লোকদের সচেতন করতে প্রচারণা চালানো হয়েছে।

সীতাকুণ্ড থানা-পুলিশের উদ্যোগে সোমবার সকাল থেকে এই প্রচারণা চালানো হয়। চলন্ত ট্রেনে ঢিল না ছোড়ার অনুরোধের পাশাপাশি ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করতেও নিষেধ করা হয়।

উল্লেখ্য, প্রায়ই চলন্ত ট্রেনে ঢিল ছুড়ে মারার মতো ঘটনায় অনেকের মৃত্যুর খবরও পাওয়া যায়।

‘চলন্ত ট্রেনে ঢিল ছুড়বেন না’ বলে সকাল থেকে উপজেলার সীতাকুণ্ড স্টেশন, কুমিরা, ভাটিয়ারি, ফৌজদারহাট স্টেশন ও আশপাশের বস্তি এলাকায় লোকজনকে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে হ্যান্ড মাইকিং করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন বলেন, ঈদ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ তাদের গ্রামের বাড়ি যাবেন। তাঁরা যেন ঝুঁকি নিয়ে ছাদে বসে না যায়। এ ছাড়া অতিরিক্ত যাত্রী যাবে ট্রেনে, কিন্তু রেললাইন সংলগ্ন বসবাসকারী ছেলেরা নিছক খেলার ছলে ট্রেনে পাথর ছুড়লে যাত্রীরা হতাহত হন। সে জন্য তারা জনগণকে সচেতন করার চেষ্টা করেছেন।

তিনি জানান, কেউ যদি চলন্ত ট্রেনে পাথর ছোড়ার মতো ধ্বংসাত্মক কাজ করে তাহলে পুলিশকে সঙ্গে সঙ্গে জানানোর আহ্বান জানানো হয়েছে।