লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবুল কালাম আজাদ (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ বলছে, উপজেলার উত্তর জাওরানী গ্রামের শামসুল হকের ছেলে আজাদ ছয় মাদক মামলার আসামি।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চান্নাথ পাটিকাপাড়া এলাকায় পুলিশ অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ ৬ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে গেলেও আজাদ দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের হাতে আটক হন। ঘটনাস্থল থেকে ৫ কেজি গাঁজা ও ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এসআই মিজানুর রহমান মিজান ও পুলিশ সদস্য জাহিদুল ইসলাম আহত হয়েছেন বলেও জানান ওসি।