২ ছেলেকে জখমের পর মায়ের ‘আত্মহত্যা’র চেষ্টা

নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলীতে এক নারী বোতলের কাচ দিয়ে দুই ছেলেকে জখমের পর নিজেকেও কেটে ক্ষতবিক্ষত করেছেন। গত রবিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত নুর বেগম রুমি (২৭) ওই এলাকার ওমর ফারুকের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। রুমির দুই ছেলে তাওসিফ (১০) ও ১৪ মাস বয়সী তাওরাত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার স্বামী একটি কারখানায় নিরাপত্তা প্রহরীর কাজ করেন।

আকবর শাহ থানার ওসি মো. জসীম উদ্দিন জানান, রুমিকে চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে গ্রেপ্তার করা হয়েছে। আত্মহত্যার চেষ্টা ও দুই শিশুসন্তানকে হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হবে। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘যৌথ পরিবারে থাকা রুমি এর আগেও একবার ঝগড়া করে নিজের শরীর কেটেছিলেন। রবিবার রাতে ঝগড়ার একপর্যায়ে রুমি বোতল ভেঙে কাচ দিয়ে ১৪ মাস বয়সী তাওরাতের ঘাড়ে এবং দুই পায়ে জখম করেন। এরপর বড় ছেলে তাওসিফের পায়ে কেটে দেন।’ তিনি বলেন, ‘বড় ছেলে তাওসিফের চিৎকারে পরিবারের সদস্যরা এসে দেখতে পান, রুমি নিজের হাত কেটে পরে গলা কাটার চেষ্টা করছেন। তখন পরিবারের সদস্যরা তাকে নিবৃত্ত করেন এবং ৩ জনকে হাসপাতালে নিয়ে যান।’