বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই

সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলো বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে। যা মাথায় রেখে ইংল্যান্ডের ‘ন্যাশনাল থ্রেট লেভেল’ আসন্ন টুর্নামেন্টে নিরাপত্তার বিষয়টিকে ‘মারাত্মক’ উল্লেখ করেছে। কিন্তু আয়োজক কমিটির পক্ষ থেকে আশ্বাস দিয়ে জানানো হয়েছে ‘সামান্য’ কিছু দুশ্চিন্তা থাকলেও তা মোকাবিলায় প্রস্তুতি যথেষ্ট। সম্প্রতি ইস্টার সানডেতে শ্রীলঙ্কার কয়েকটি গির্জায় বোমা হামলার ঘটনা ঘটে। এতে বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে মাথা ঘামাতে বাধ্য হয় আয়োজক কর্র্তৃপক্ষ। তবে ৪৬ দিনব্যাপী ৪৮ ম্যাচের টুর্নামেন্টে বড় কোনো ঝুঁকি নেই বলে জানানো হয়েছে। গতকাল সোমবার ওভালে বিশ্বকাপের নিরাপত্তা ও সিকিউরিটি প্রধান জিল ম্যাকক্রাকেন জানান, ‘ন্যাশনাল থ্রেট লেভেল বলছে সন্ত্রাসী হামলার আশঙ্কা আছে। তবে আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত।’

 এছাড়া আমাদের পর্যালোচনা অনুযায়ী টুর্নামেন্ট চলাকালীন হামলার আশঙ্কা খুব সামান্য।’

আসন্ন টুর্নামেন্টে বিক্রি হওয়া টিকিটের হিসাব টেনে গ্যালারিতে উপস্থিতির একটা পরিসংখ্যান দাঁড় করিয়েছে আইসিসি। টিকিট বিক্রি হওয়াসহ অপেক্ষমাণ তালিকার আবেদনকারী মিলিয়ে মোট ৩.২ লাখ দর্শক বিশ্বকাপের টিকিট পাওয়ার আশায় আছেন। যা সম্ভাব্য নির্ধারিত দর্শক উপস্থিতির চারগুণ। এর মধ্যে ১ লাখ ১০ হাজারের মতো মহিলা ও ১ লাখের মতো কিশোর দর্শকের উপস্থিতি হিসাব করা হয়েছে।