প্রস্তুতিতে উইন্ডিজকে পেয়ে খুশি নিউজিল্যান্ড

ভারতের বিপক্ষে বোলিং প্রস্তুতিটা দারুণ হয়েছে নিউজিল্যান্ডের। বিরাট-রোহিতদের ভালোই ভুগিয়েছে তারা। ট্রেন্ট বোল্ট, টিম সাউদিদের নিয়ে গড়া পেস অ্যাটাকের সামনে টিকতেই পারেনি ভারত। বোলারদের এমন পারফরম্যান্সে বেশ খুশি নিউজিল্যান্ড। শুরুর বোলিংয়ের প্রস্তুতিটা খুব ভালোভাবেই হয়েছে কিউইদের। তবে শেষদিকের বোলিং নিয়ে তো কাজ করা গেল না। এ নিয়েও চিন্তা নেই কিউই বোলিং কোচ শেন জার্গেনসেনের। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পেয়ে খুশি তিনি। সøগ ওভারে ক্যারিবীয় হার্ডহিটারদের বিপক্ষে নিজের দলের বোলারদের দারুণ পরীক্ষা হবে বলে মনে করেন জার্গেনসেন। বুধবার ব্রিস্টলে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

প্রথম প্রস্তুতি ম্যাচে ভারতের লোয়ার অর্ডাররা কিছুটা পরীক্ষায় ফেলেছিল কিউই পেসারদের। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও কুলদিপ যাদব শেষদিকে কিছু রান করেছিলেন। জার্গেনসেনের মতে, ওয়েস্ট ইন্ডিজের লোয়ার অর্ডার ভারতের চেয়েও বেশি শক্তিশালী। তাই ক্যারিবীয়দের সঙ্গে পরীক্ষাটাও হবে কঠিন। লোয়ার অর্ডারের শক্তি নিয়েই বিশ্বকাপে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। নিচের দিকে ব্যাট হাতে বোলারদের ত্রাস হবেন আন্দ্রে রাসেল। এছাড়া কার্লোস ব্রাফেট, জেসন হোল্ডাররাও দ্রুত রান তুলতে পারেন। তাদের দিকেই ইঙ্গিত জার্গেনসেনের, ‘উইন্ডিজের ব্যাটিং লাইনের শেষদিকে বিশ্বমানের কিছু হার্ডহিটার আছে। ওরা যেকোনো বোলিং অ্যাটাককে পরীক্ষায় ফেলতে সক্ষম। আমাদেরও তাদের সঙ্গে লড়তে হবে। তার আগে প্রস্তুতি ম্যাচেই ওদের পেয়ে যাওয়াটা দারুণ হয়েছে। এই বিশ্বকাপে সবাই ডেথ ওভারে কম রান খরচের দিকে নজর দেবে। এর জন্য উইন্ডিজের সঙ্গে প্রস্তুতির তুলনা হয় না। আমি দেখতে চাই বোলাররা ওদের বিপক্ষে শেষ ১০ ওভারে কেমন করে। শুরুর দিকে উইকেট পাওয়া অবশ্যই গুরুত্বের কিন্তু সব ম্যাচে এমন হবে না। লক্ষ্য রাখতে হবে শেষদিকে আমরা বিপক্ষকে কতটা রান কম দিতে পারি।’