টেক্সটাইল মিলে ব্যবহৃত কাপড়ের রং দিয়ে জিলাপি, মিষ্টি তৈরির সময় দুটি প্রতিষ্ঠানকে হাতেনাতে ধরেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে নগরীর কামালবাজার এলাকায় অভিযান চালানোর সময় বিষয়টি ধরা পড়ে।
এ ছাড়া অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক প্রিয়াংকা দত্ত, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) বিকাশ চন্দ্র দাস বিভিন্ন এলাকায় অভিযান চালান। হাসানুজ্জামান জানান, অনুমোদিত রঙের দাম বেশি হওয়ায় ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইলের রং ব্যবহার করায় চৌধুরী মিষ্টি ভাণ্ডারকে ৭০ হাজার টাকা জরিমানাসহ ১৪ কেজি মিষ্টি ধ্বংস করা হয়েছে। একই অপরাধে নূপুর মিষ্টি বিতানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া নগরীর বায়েজিদে কামাল স্টোরকে মূল্যতালিকা না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় মূল্যতালিকা না থাকায় বেলালের সবজির দোকান ও জুলহাজের সবজির দোকানকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
অভিযানে খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি মূল্যের স্টিকার লাগানোর দায়ে কাপ্তাই রাস্তার মাথায় অবস্থিত জীবিয়া স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফুলকলির কাপ্তাই রাস্তার মাথা শাখাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।