বুমরাহর সঙ্গে নিজের তুলনায় নারাজ সাইফউদ্দিন

শুরুতে কিছুটা বন্ধুর পথ অতিক্রম করলেও দিন দিন বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে যাচ্ছেন সাইফউদ্দিন। তার আসাতে মিটেছে ভালো মানের একজন পেস অলরাউন্ডারের অভাব। বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার ভাষায়, ডেথ ওভারের সেরা বোলার মোহাম্মদ সাইফউদ্দিন। দারুণ ইয়র্কার ডেলিভারিতে ব্যাটসম্যানকে প্রায়ই বিভ্রান্ত করে থাকেন এই তরুণ।

শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার পর ইয়র্কার ডেলিভারিতে এরই মধ্যে নজর কেড়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। বর্তমান টিম ইন্ডিয়ার অন্যতম সেরা পারফর্মার। লক্ষ্যভেদী ইয়র্কারে ব্যাটসম্যানদের নাকাল করছেন বুমরাহ। সঙ্গে রয়েছে গতির ঝড়। একটু বাড়াবাড়ি হলেও অনেকেই ভারতের এই পেসারের সঙ্গে সাইফউদ্দিনের কিছুটা মিল খুঁজে পান।

তবে বুমরাহর সঙ্গে নিজের তুলনায় নারাজ সাইফউদ্দিন। বুমরাহ বল করে থাকেন ১৪০ কি.মি গতিতে। সেখানে সাইফউদ্দিনের গতি ১৩০-১৩৫ কি.মি। অনেক সময় সেটা ১৩০ কি.মি-এর নিচেও নেমে আসে। এছাড়া বুমরাহ অনেক অভিজ্ঞ। সাইফউদ্দিন খেলেছেন মাত্র ১৩টি ওয়ানডে।

বুমরাহর মতো গতি না থাকলেও নিজের বোলিং সামর্থ্যে বিশ্বাস রয়েছে সাইফউদ্দিনের- “বুমরাহ এখন নতুন কিংবা পুরনো সব বলেই ভালো বল করছে। হয়ত আমি ওর মতো ১৪৫ কি.মি গতিতে বল করতে পারব না। আমি আমার সামর্থ্য যতটুকু ১৩০-১৩৫ কি.মি-তে বল করতেছি। প্রতিটা বোলারের নিজস্ব কিছু স্কিল আছে, আমি আমার স্কিলের ওপর বিশ্বাস রেখেই বোলিং করি।”

বিশ্বকাপটা ইংল্যান্ডে ভালো করতে একটু বেশিই আশাবাদী সাইফউদ্দিন, “ম্যাচে হয়ত কখনো সফল হই কখনো হই না। এছাড়া ইংল্যান্ডের অনেক পেসাররা আছে ওরাও ভালো করছে। এই জিনিসটাই আমি অনুসরণ করি।”