ভারতের বিপক্ষে নামছেন সাকিব!

চোট শঙ্কা থেকে বাংলাদেশ দলের অন্যতম সেরা পারফর্মার সাকিব আল হাসানকে নিয়ে অনেক সাবধানী টিম ম্যানেজমেন্ট। সাইড স্ট্রেইনের কারণে তাকে খেলানো হয়নি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে। বিবেচনায় ছিলেন না বৃষ্টিতে ভেসে যাওয়া পাকিস্তানের সঙ্গে ম্যাচের একাদশেও। তবে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে সাকিব মাঠে নামতে পারেন বলে জানা গেছে।

কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় মুখোমুখি হবে দল দুটি।

বছরের শুরুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচে ইনজুরিতে পড়েন সাকিব। ফলে বাতিল হয়ে যায় তার নিউজিল্যান্ড সফর। এরপর মে মাসে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ দিয়ে বাংলাদেশের জার্সিতে মাঠে ফেরেন সাকিব। তবে তিন ম্যাচের বেশি টানা খেলতে পারেননি। উইন্ডিজের বিপক্ষে ম্যাচ অসমাপ্ত রেখেই সাজঘরে ফিরে যেতে হয়েছিল তাকে। নামা হয়নি ফাইনালেও।

বিশ্বকাপ খুব কাছে চলে আসায় এই সময়ে সাকিবকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি টিম ম্যানেজম্যান্টও। তবে অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সোমবার কার্ডিফে নেটে পুরোদমে ব্যাটিং-বোলিং অনুশীলন করেছেন সাকিব। ভারতের বিপক্ষে তাকে তিন নম্বরে ব্যাটিংয়ে নামতে দেখা যাবে বলে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

বিশ্বকাপে ব্যাটে-বলে বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিব। ব্যাট হাতে ২১ ইনিংসে ৫৪০ রান নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। বল হাতেও সমান সংখ্যক ইনিংসে ২৩ উইকেট নিয়ে টাইগারদের মধ্যে সবার ওপরে তার নাম। অভিজ্ঞ সাকিব এবারের বিশ্বকাপেও দ্যুতি ছড়াবেন বলে সবার বিশ্বাস।