আওয়ামী লীগের কার্যালয়ে চুরি ও ভাঙচুর

বেনাপোল পৌর আওয়ামী লীগের কার্যালয়ে চুরি ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির ফ্রেমও ভাঙচুর করে।

সোমবার রাত ২ টার দিকে বেনাপোল ইউনিয়ন পরিষদের পাশে ফারুক সুপার মার্কেটের ২য় তলায় পৌর আওয়ামী লীগের অফিসে হামলা, চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা কার্যালয়ের ৩ টি কম্পিউটার চুরি করে নিয়ে যায়। 

বেনাপোল পৌর যুবলীগের আহ্বায়ক সুকুমার দেবনাথ জানান, সোমবার রাত ২ টার দিকে একদল দুর্বৃত্ত পৌর আওয়ামী লীগ অফিসের ২য় তালার গেট ভেঙে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, চেয়ার, টেবিল ভাঙচুর করে এবং ৩ টি কম্পিউটার চুরি করে নিয়ে যায়। দুর্বৃত্তরা এ সময় অফিসের সাইন বোর্ডও ভাঙচুর করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু-সালেহ মাসুদ করিম বলেন, ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের নাভারণ সার্কেলের এ এসপি জুয়েল ইমরান ও বেনাপোল পৌর সভার মেয়র ও যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম লিটন।