নীলফামারীতে মানসম্মত ও পরিবেশবান্ধব আবাসনের দাবিতে মানববন্ধন করেছে হরিজন ঐক্য পরিষদ। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সেখানে জেলা হরিজন ঐক্য পরিষদ সভাপতি মেঘুরাম বাসফোরের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাসুদ বাসফোর প্রমুখ।
বক্তারা বলেন, হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে মানসম্মত পরিবেশবান্ধব আবাসনের দাবিটি দীর্ঘদিনের। সে দাবির পরিপ্রেক্ষিতে জেলা শহরের হাড়োয়া গ্রামে ৮৬ পরিবারের আবাসন গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করে জেলা প্রশাসন। ওই আবাসনের পরিকল্পনায় রয়েছে মানসম্মত পরিবেশবান্ধব বিল্ডিং, ধর্মীয় উপাসনালয়, কমিউনিটি সেন্টার, সংগঠনের অফিসঘর, একটি পুকুরসহ এলাকাটি সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা।
এসবের মধ্যে সব সুবিধা বাদ দিয়ে শুধু টিনশেড আধাপাকা ঘর নির্মাণের মাধ্যমে ওই আবাসনের ব্যবস্থা করা হচ্ছে, যা পরিবেশবান্ধব এবং মানসম্মত নয়। সুবিধাবঞ্চিত এসব মানুষের জন্য আগের পরিকল্পনাই বাস্তবায়নের দাবি জানান তারা।