গতানুগতিক গল্পে কাজ করতে ইচ্ছে করে না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। আসছে ঈদুল ফিতরে যে কজন তারকার নাটক বেশি প্রচার হবে তার মধ্যে একজন তিনি। ঈদের কাজ নিয়েই তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

কাজ বেশি হলেও মানসম্মত

আমি তো সারা বছর শুধু খ- নাটকই করি। তাই ঈদের জন্য দীর্ঘ সময় ধরে কাজ করি। এজন্য হয়তো নাটকের সংখ্যা বেশি হবে। তবে আমি চাইলে এই সংখ্যা দ্বিগুণ হতে পারত। কিন্তু এখন আর গতানুগতিক গল্পে কাজ করতে ইচ্ছে করে না। বেছে বেছে ভালো গল্পের নাটকগুলোই করেছি।

 

ঈদের নাটকগুলো

এনটিভিতে প্রচার হবে মাবরুর রশীদ বান্নাহর নাটক ‘ভাই পারলে মাফ করবেন’। এতে আমার বিপরীতে আছেন সাবিলা নূর। প্রতিটি মানুষেরই দুটি সত্তা থাকে একটি ভালো, অন্যটি মন্দ। এই দুই সত্তার টানাপড়েনের গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। এই কাজটি নিয়ে আমি খুব বেশি আশাবাদী। এর বাইরে আমাকে আর সাবিলাকে আরও বেশ কিছু নাটকে দেখা যাবে। এর মধ্যে রয়েছে প্রীতি দত্ত পরিচালিত ‘তোমার জন্য’, আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘বেয়ারা বাকের’ ইত্যাদি। ওসমান সিরাজ পরিচালিত ‘বকুল কথা’ নাটকে আমার নায়িকা নুসরাত ইমরোজ তিশা। এর শ্যুটিং হয়েছে উত্তরার ‘স্বপ্নীল ৩’ শ্যুটিং বাড়িতে। মনসুর আলম নির্ঝরের ‘শিরোনাম নেই’ নাটকটিতে সাফা কবিরের সঙ্গে কাজ করেছি। রাহাত মাহমুদের ভিন্নধর্মী গল্পের নাটক ‘সুইট সিক্সটিন’-এ আমার সহশিল্পী আবুল হায়াত ও দিলারা জামান।

 

জহির রায়হানের ‘শেষ বিকেলের মেয়ে’তে

বিখ্যাত নির্মাতা ও ঔপন্যাসিক জহির রায়হানের জনপ্রিয় একটি উপন্যাস ‘শেষ বিকেলের মেয়ে’ অবলম্বনে নির্মিত ঈদের নাটকেও আমি অভিনয় করেছি। এটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। এতে আরও অভিনয় করেছেন অর্ষা, প্রভা, তাসনুভা তিশা প্রমুখ। আমি সাহিত্যনির্ভর কাজগুলো করতে খুব ভালোবাসি। জহির রায়হানের সাহিত্যে প্রথমবার কাজ করলাম। এটা শিল্পী হিসেবেও আমার জন্য গর্বের। তাই অনেক যতœ নিয়ে কাজটি করেছি। গল্পের জন্য জহির রায়হানের পরিবারের কাছ থেকে এনওসি নেওয়া হয়েছে। চার দিন শ্যুটিং করেছি। কষ্ট হয়েছে কাজটি করতে। তবে শেষ করার পর দেখলাম পুরোপুরি স্ট্যান্ডার্ড একটি কাজ হয়েছে। শিল্পীর মনের খোরাক মেটানোর মতো কাজ এটি। নাটকটি এনটিভিতে প্রচার হবে।