ফের পুরনো প্রেমিকার কাছেই ফিরছেন অভিষেক!

২০০৫ সালের ঘটনা। সে সময় রানি মুখার্জি ও অভিষেক বচ্চনের প্রেম যেমনই খুব আলোচনায় ছিল। ঠিক তেমনই চর্চিত হয় সে বছরই মুক্তিপ্রাপ্ত রানি ও অভিষেক জুটির ছবি ‘বান্টি অউর বাবলি’। ছবিটি বক্স অফিসে সুপার হিট হয়েছিল। 

পর্দায় ‘বান্টি অউর বাবলি’র প্রেম সুপার হিট হলেও বাস্তবে বি-টাউনে বহুল চর্চিত এই সম্পর্ক ভেঙে যায়। এরপর ঐশ্বরিয়া রাই-এর সঙ্গে অভিষেকের প্রেম ও বিয়ের কথাও সকলেরই জানা।

তবে শোনা যাচ্ছে ফের একবার পুরনো প্রেমিকা রানির কাছেই ফিরছেন অভিষেক। কি শুনে চমকে গেলেন নাকি?

না, রিয়েল লাইফে না, পুরোটাই রিল লাইফের সৌজন্যে। ২০০৫-এর সুপার হিট ছবি ‘বান্টি অউর বাবলি’র সিক্যুয়াল আনছেন পরিচালক সাজিদ আলি।

আর এই ছবির দৌলতেই ফের একবার পুরনো তিক্ততা ভুলে কাছাকাছি আসবেন অভিষেক ও রানি। শোনা যাচ্ছে আগামী মাস থেকেই শুরু হবে ছবির শ্যুটিং। তবে শুধু রানি ও অভিষেকই নন, ছবিতে থাকছেন খোদ বিগ বি অমিতাভ বচ্চনও।

প্রসঙ্গত, ‘বান্টি অউর বাবলি’ ছাড়াও ‘কভি অলবিদা না কেহেনা’ (২০০৬), ‘লাগা চুনরি মে দাগ’ (২০০৭)সহ রানি ও অভিষেক জুটির বহু ছবিই বক্স অফিসে হিট।

এখন ‘বান্টি অউর বাবলি’ সিক্যুয়ালে দর্শকরা এই পুরনো প্রেমিক প্রেমিকার রসায়ন কতটা পছন্দ করেন সেটাই দেখার। 

সূত্র: জি নিউজ