মালেক আফসারী পরিচালিত ঈদের ছবি ‘পাসওয়ার্ড’-এর ট্রেলার প্রকাশ হয়েছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায়। এরপর থেকে ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতি-নেতি প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।
তবে সব মিলিয়ে বরাবরের মতো ভাইরাল শাকিব খান অভিনীত ও প্রযোজিত ছবিটির ট্রেলার।
শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে ট্রেলারটি প্রকাশ হয়।
ছবির দুটি গানের দৃশ্যায়ন হয় তুরস্কে। সেখানকার দৃশ্য দিয়ে শুরু হয় ৩ মিনিট ৫ সেকেন্ডের ভিডিওটি। শাকিব-শবনম বুবলির রোমান্সের পর পরই আসে অ্যাকশন দৃশ্য। বোঝা যায়, কোনো কিছুর পাসওয়ার্ড নিয়ে আবর্তিত হবে কাহিনি। এই নিয়ে নায়ক-নায়িকার পেছনে তাড়া করে ভিলেন ও তার দল।
ট্রেলারে আরও ছিলেন মিশা সওদাগর। এ ছাড়া এক ঝলক দেখা গেছে ইমনকে।