আবার সেই শঙ্কাটা ফিরে এল। চোট শঙ্কা! বৃহস্পতিবার শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশ অবশ্য নিজেদের মিশন শুরু করবে ২ জুন। কিন্তু তার আগে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার প্রধান ভাবনা দলের একাধিক খেলোয়াড়ের চোট।
চোট শঙ্কা বিশ্বকাপ দল ঘোষণার পরও ছিল। তবে আয়ারল্যান্ড সফরে সবার পারফরম্যান্স ভরসা দেয়। কিন্তু কার্ডিফে মঙ্গলবার ভারতের বিপক্ষে ম্যাচে পুরোনো হ্যামস্ট্রিংয়ের চোটটা মাথা চাড়া দিয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার।
অধিনায়কের ইনজুরি নতুন শঙ্কা হয়ে দেখা দিয়েছে। সেই সঙ্গে একই ম্যাচে মোস্তাফিজুর রহমান কাফ মাসলে চোট পেয়েছেন। সাইফউদ্দিন পিঠের ব্যথায় আক্রান্ত। মাহমুদউল্লাহ কাঁধের চোটে ভুগছেন বেশ কিছু দিন ধরে। যে কারণে বোলিং করছেন না তিনি। সাকিব মাত্রই সেরে উঠেছেন। তামিম ইকবাল চোটের কারণে খেলেননি ভারতের বিপক্ষে ম্যাচে।
সব মিলে নিজেদের বিশ্বকাপ শুরুর আগে কিছুটা ভাবনায় মাশরাফী বিন মোর্তজা। নিজের চোট নিয়ে অবশ্য ভাবতে চান না তিনি। এ ধরনের চোট নিয়ে অনেক খেলেছেন। বিশ্বকাপেও বিশ্রামের কথা তার ভাবনায় নেই।
সংবাদমাধ্যমকে ভারতের বিপক্ষে ম্যাচের পর মাশরাফী বলেছেন, ‘‘অনেকবারই এমন হয়েছে। প্রথম এক-দুই ওভারে সমস্যা হয়েছে। সেটুকু করতে পারলে আর সমস্যা হয় না। আজও (ভারতের বিপক্ষে ম্যাচে) সমস্যা অনুভব করিনি। কিন্তু ষষ্ঠ ওভারে টান লেগে গেল।’’
প্রস্তুতি ম্যাচ। চাইলে মাশরাফী আরো কম ওভার করতে পারতেন। কিন্তু কেন করেননি সে ব্যাখ্যাও দিয়েছেন, ‘‘৪-৫ ওভারে থামতে পারতাম। কিন্তু ওই সময় রোহিত ও কোহলি বেশ অস্থির হয়ে উঠছিল রানের জন্য। শট খেলতে চাচ্ছিল বারবার। মনে হলো, এমন আক্রমণের সামনে প্র্যাকটিস করা জরুরি।’’ পরে অবশ্য মাশরাফী মাঠ ছাড়েন। তার অপরিবর্তে দলকে বাকি সময় নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান।
প্রস্তুতি ম্যাচটা বাংলাদেশ হেরেছে ৯৫ রানে। আগে ব্যাট করে ৭ উইকেটে ৩৫৯ রান করেছিল ভারত। জবাবে ২৬৪ রানে থামে বাংলাদেশ।
২ জুন বাংলাদেশের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। মাশরাফী যেভাবে বললেন, তাতে যে করেই হোক তিনি মাঠে নামবেন। অন্যরাও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন বলে আশা মাশরাফীর।