ব্যাটিং করার সময় প্রতিপক্ষের ফিল্ডিং সাজিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি! মঙ্গলবার বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচের এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে টুইটারে। যা ভাইরাল হয়েছে মুহূর্তের।
ভারতীয় দলের অধিনায়কত্ব ছেড়েছেন তিনি অনেক দিন। তবে বিরাট কোহলি মাঠে থাকা অবস্থাতেও মহেন্দ্র সিং ধোনিকে অনেক সিদ্ধান্তই নিতে দেখা যায়। বিশেষ করে উইকেটের পেছন থেকে বোলারদের সঙ্গে যোগাযোগ করে ফিল্ডিং সেটিংটা তিনিই করে থাকেন। এবার প্রতিপক্ষের ফিল্ডিং সাজিয়ে দিয়ে ব্যতিক্রম ঘটনার জন্ম দিলেন।
কার্ডিফে ভারতের ব্যাটিংয়ের ৪০তম ওভারে ঘটে ঘটনাটি। বল করছিলেন সাব্বির রহমান। স্ট্রাইকিং প্রান্তে ব্যাট হাতে দাঁড়িয়েছিলেন ধোনি। অন্য প্রান্তে ছিলেন লোকেশ রাহুল।
সাব্বির বল করার জন্য দৌড় শুরু করলেন। বোলিং প্রান্তের কাছাকাছি যেতেই আচমকা ধোনি থামিয়ে দেন তাকে। স্কয়ার লেগের ফিল্ডারের পজিশন নিয়ে কিছু একটা বললেন। সাব্বিরও ধোনির কথা মতো ফিল্ডারের পজিশন পরিবর্তন করে দিলেন।
টাইগারদের ফিল্ডিং পজিশন নিয়ে ধোনি কোনো ত্রুটি ধরিয়ে দিয়েছেন, নাকি পরামর্শ, সেটি পরিষ্কার নয় যদিও। তবে অভিজ্ঞ ধোনির কথাতে সাব্বিরকে বিন্দু মাত্র দ্বিধা করতে দেখা যায়। ধোনিকে সম্মান করায় প্রশংসা কুড়িয়েছেন সাব্বির।
ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন ধোনি। ৭৮ বলে করেন ১১৩ রান। আটটি চারের সঙ্গে মেরেছেন সাতটি ছয়। ম্যাচটি ভারত জিতেছে ৯৫ রানে। ধোনি ছাড়াও সেঞ্চুরি করেন লোকেশ রাহুল।