আমদানি তথ্যহীন বিদেশি প্রসাধনীর নামে বিভিন্ন পণ্য বিক্রির অভিযোগ রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বিডি বাজেট বিউটি নামের একটি দোকান সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি, ওই মার্কেটের আরও অনেকগুলো প্রসাধনী ও খাদ্য পণ্যের দোকানকে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়।
বুধবার অধিদপ্তরের নিয়মিত অভিযানে এসব শাস্তি প্রদান করা হয়। মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আরিফিন, আফরোজা রহমান ও আব্দুল জব্বার মণ্ডল ছিলেন।
আমদানির তথ্য উল্লেখ না করে পণ্য বিক্রির জন্য এর আগেও প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছিল বলে ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানিয়েছেন। ফেসবুক ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি রাজধানীর ধানমন্ডি, পান্থপথের বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, বেইলি রোড ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিপণন কেন্দ্র রয়েছে বিডি বাজেট বিউটির।
পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, খুচরা মূল্য ও আমদানিকারকের স্টিকার না থাকায় বার্মিজ জেমসকে ১০ হাজার, ম্যাক্স কসমেটিকসকে ২০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণের অপরাধে কড়াই গোস্তকে ৫০ হাজার টাকা, ইন্ডিয়ান স্পাইসিকে ৩০ হাজার টাকা, স্পাইসি ফ্রাইড চিকেনকে ৩০ হাজার টাকা, কোরিয়ান কিউজিনকে ২০ হাজার টাকা, দোসা কিংকে ৩০ হাজার টাকা, হ্যালো ফ্রাইড চিকেনকে ২০ হাজার টাকা, ইন্ডিয়ান শাহী মসলাকে ২০ হাজার টাকা, ইন্ডিয়ান দরবারকে ২০ হাজার টাকা, শর্মা হাউসকে ৩০ হাজার টাকা ও বিএফসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মডার্ন পারল প্যালেসকে ১০ হাজার টাকা, শেষ দর্শন আজমেরী জেমসকে ৫০ হাজার টাকা, সঙ্গিনী ডায়মন্ডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিশ্রুতি অনুযায়ী যথাযথ সেবা না দেওয়ায় অলংকার নিকেতনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।