দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ইফতারে ৩০ টাকা বরাদ্দের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রয়োজনে তার জন্য অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল প্রকল্পের সাইট অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এতে যদি মনে করেন খালেদা জিয়া কষ্ট পাচ্ছেন, আমরা অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করব। ইফতার একটি ধর্মীয় বিষয়। এটা নিয়েও পলিটিক্স হবে, তা প্রত্যাশা করা যায় না।’
গত মঙ্গলবার রাজনীতিবিদদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই রমজান মাসে যখন আমরা এখানে সমবেত হয়েছি, তখন তিনিও (খালেদা জিয়া) কারাগারে থেকে বন্দি অবস্থায় পিজি হাসপাতালের ছোট্ট একটি কক্ষে ইফতারের জন্য অপেক্ষা করছেন। তার ইফতারের জন্য সরকারের বরাদ্দ মাত্র ৩০ টাকা।’
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর ২০২১ সালে মেট্রোরেল চালু হবে বলেও জানান সড়ক ও সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘চলমান মেট্রোরেল রুট ৬-এর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ২০১৯ সালের মধ্যে আগারগাঁও পর্যন্ত এবং ২০২০ সালের মধ্যে মতিঝিল পর্যন্ত অংশের পূর্ণ কাজ শেষ হবে। আমরা আশা করছি, ২০২১ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে মেট্রোরেল।’
তিনি আরও বলেন, ‘ঢাকা মহানগরীর যানজট নিরসন ও গণপরিবহনের সক্ষমতা বাড়াতে ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রো রুটের সমন্বয়ে একটি শক্তিশালী মেট্রোরেল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।’
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক জানান, মেট্রোরেলের বগিতে থাকবে লাল-সবুজ রঙের প্রাধান্য। এ ছাড়া প্রতিটি রেলে একটি বগি নারীদের জন্য সংরক্ষিত রাখার পরিকল্পনা রয়েছে।