বিএসএমএমইউ পরিচালক

খালেদা জিয়া আগের চেয়ে সুস্থ আছেন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগের চেয়ে সুস্থ আছেন। ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত খালেদা জিয়া এখন রোজাও রাখছেন। গতকাল বুধবার সাংবাদিকদের এসব কথা জানান বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক।

তিনি বলেন, উনার (খালেদা জিয়া) ডায়াবেটিস নিয়ন্ত্রণে। উনি ইনসুলিন নিচ্ছেন এবং ডায়াবেটিসের ওষুধ মুখেও গ্রহণ করছেন। আর্থ্রাইটিসের ব্যথা অনেক কমে গেছে। উনার দুর্বলতা অনেক ইম্প্র“ভ করেছে, এখন নেই বললেই চলে। নতুন কোনো সমস্যার কথা এখন বলেননি। উনি কমফরটেবল আছেন, ভালো আছেন।

ব্রিগেডিয়ার মাহবুবুল জানান, কিছুদিন আগে খালেদা জিয়ার জিহ্বায় যে ঘা হয়েছিল তা ৯০ শতাংশ সেরে গেছে। এখন উনি নরমাল খাবার খাচ্ছেন। রোজা রাখছেন। ছোলাসহ অন্যান্য ইফতারের আইটেমগুলো খাচ্ছেন। উনার চয়েসমতো ইফতারের আইটেমগুলো উনার সঙ্গে যে মেয়েটা (ফাতেমা) আছে সে রান্না করে দেয়। কেবিনের পাশে ছোট একটা কিচেন রয়েছে সেখানে চুলাও আছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতে পাঁচ বছর দণ্ডিত হয়ে গত বছর ফেব্রুয়ারি থেকে কারাবন্দি খালেদা জিয়া। পরে আরও একটি দুর্নীতি মামলার দণ্ড এবং হাইকোর্টের দেওয়া বর্ধিত জেলসহ মোট ১৭ বছরের কারাদণ্ড হয়েছে সাবেক এ প্রধানমন্ত্রীর। চিকিৎসার জন্য তাকে গত ১ এপ্রিল পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের পরিচালক বলেন, উনি (খালেদা জিয়া) চিকিৎসায় সেটিসফাইড। উনাকে নিয়ে বেশ কয়েক দিন আগে মিডিয়াতে বলা হয়েছিল যে, উনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আসলে সম্পূর্ণ ভুল তথ্য দেওয়া হয়েছে। খালেদা জিয়া নিজে থেকে হাসপাতাল ছাড়তে না চাইলে তাকে জোর করা হবে না বলেও এ সময় জানান ব্রিগেডিয়ার মাহবুবুল হক। খালেদার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক জিলান মিয়া সরকার, হাসপাতালের অতিরিক্ত পরিচালক নাজমুল করীম, উপপরিচালক খুরশেদ আলম, সহকারী পরিচালক বেলাল সরকার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।