ঢাবি ভিসিকে অধ্যাপক মিজানুর

৩ ঘণ্টা যানজটে বসে থেকে হাসিমুখে বলুন

যানজট হাসিমুখে মেনে নেওয়ার পরামর্শের প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে যানজটের অভিজ্ঞতা নেওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘আমি তাকে (আখতারুজ্জামান) বলব, আপনিও সাধারণের কাতারে নেমে আসুন। দুই-তিন ঘণ্টা যানজটে বসে থাকুন। তখন হাসিমুখে বলুন, আমি আপনাদের পাশে আছি।’ ড. মিজানুর আরও বলেন, ‘তিনি বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে, এজন্য সাময়িক এই দুর্ভোগ হাসিমুখে মেনে নিতে। আপনি দুর্ভোগ পোহাবেন না, আবার জনগণকে হাসিমুখে দুর্ভোগ মেনে নেওয়ার আহ্বান জানাবেন? দেশের মানুষ তা মেনে নেবেÑ এতটা বোকা এদেশের মানুষ নয়।’

দেশে এখন আইনের শাসন নেই মন্তব্য করে মানবাধিকার কমিশনের সাবেক এই চেয়ারম্যান বলেন, ‘আইনের শাসন নেই বলেই এত সমস্যা। এই রাষ্ট্র ধনীদের, গরিবের নয়। ধনীদের অধিকার রক্ষা করে, গরিবের নয়। আজ দেখলাম রিকশা উল্টো পথে চলার কারণে তা উল্টে দেওয়া হয়েছে। একই সড়কে ভিআইপিরা উল্টো পথে সাইরেন বাজিয়ে চলেছে, তাদের গাড়ি উল্টে দেওয়া হয়নি।’

গত ২৭ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদের ইফতার অনুষ্ঠানে ঢাকার যানজট উন্নয়নের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান। এ সময় তিনি উন্নয়নের জন্য নগরবাসীকে যানজট হাসিমুখে মেনে নেওয়ার পরামর্শও দেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় বিআরটিএর সাবেক চেয়ারম্যান আয়ুবুর রহমান, বিটিসিএলের সাবেক নির্বাহী পরিচালক সালেহ আহমেদ, বিআরটিএর পরিচালক মাহবুব ই রব্বানী প্রমুখ বক্তব্য রাখেন।