বিশ্বকাপ চলাকালীন লন্ডনের মাদাম তুসো যাদুঘরে শোভা পাবে ভারত অধিনায়ক বিরাট কোহলির মোমের তৈরি মূর্তি। যা বিশ্বকাপ শুরুর আগের দিন উন্মোচিত হল ঐতিহ্যশালী লর্ডসে। এই মূর্তি রাখা হবে শচীন টেন্ডুলকার, উসাইন বোল্ট, মোহামেদ ফারাদের মূর্তির পাশে।
লন্ডনের মাদাম তুসোঁ মিউজিয়ামের জেনারেল ম্যানেজার স্টিভ ডেভিস বিরাটের মূর্তি প্রসঙ্গে বলেন, “সামনের সপ্তাহগুলিতে ক্রিকেট জ্বর কাবু করতে চলেছে গোটা দেশকে। বিরাট কোহলির নতুন মূর্তি উন্মোচনের এর থেকে ভালো সময় আর কখনই বা হতে পারে। আশা করি বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটপ্রেমীরা খেলার পাশাপাশি এই মূর্তির সৌন্দর্য্যও উপভোগ করবেন।”
বিরাটের পূর্ণ দৈর্ঘ্যের এই মূর্তিটিতে টিম ইন্ডিয়ার অফিসিয়াল কিটস ব্যবহার করা হয়েছে। জুতো ও গ্লাভসজোড়া দিয়েছেন কোহলি নিজেই।
তাঁর এই মূর্তি উন্মোচনের সময় বিরাট কোহলি অবশ্য ছিলেন বাকিংহাম প্যালেসে। লন্ডন মলের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেখানে রানির সঙ্গে দেখা করেন বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ক। রানির সঙ্গে করমর্দন করা ছাড়াও গ্রুপ ছবিও তোলেন কোহলিরা।
বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ড মাঠে নামছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আগামী ৫ জুন সাউদাম্পটনে ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে প্রোটিয়াদের বিপক্ষেই।