ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বারমাসিয়া চা বাগান এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
এতে সৈকত কুর্মীর ডিপার্টমেন্টাল স্টোর, সুজন কর্মকারের সেলুনের দোকান, টিটু কুর্মীর মুদির দোকান, রতন কুর্মীর কাপড়ের দোকান ও বিমলের চা দোকান আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। বিমলের চা দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।
এ ব্যাপারে ফটিকছড়ি ফায়ার সার্ভিস অফিসার পুলক কান্তি সরকার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনি। এই অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”