ফেনী বালিকা উচ্চ বিদ্যালয়ের পিয়নের গলা কাটা লাশ

ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পিয়ন মো. শফি উল্লাহর (৫৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের গাজী ক্রসরোডের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন মো. শফি উল্লাহ। গত কয়েকদিন আগে ছেলের সঙ্গে রাজধানী ঢাকায় চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার ফেনী আসেন।

তারা জানায়, রাত ৯টার দিকে তার সঙ্গে থাকা রুমমেট (রাজমিস্ত্রি) নামাজ শেষ করে বাসায় ফিরে মো. শফি উল্লাহর গলাকাটা লাশ দেখে লোকজনকে খবর দেয়।

পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, ফেনী মডেল থানার (ওসি) আবুল কালাম আজাদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে জানতে ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথের সঙ্গে বার বার যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।

ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ গলাকাটা একটি লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।