কাপ্তাই হ্রদে অবৈধ দখল উচ্ছেদে অভিযান

কাপ্তাই হ্রদ দখল রোধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটির চম্পকনগর ও শিল্পকলা একাডেমি এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়। রাঙ্গামাটি সদরের এসি ল্যান্ড মৌমিতা দাশ ও এনডিসি উত্তম কুমার দাশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চম্পকনগর এলাকায় অভিযানের খবর পেয়ে কাজ ফেলে পালিয়ে যায় নির্মাণশ্রমিকরা। কাপ্তাই হ্রদ দখল করে নির্মাণাধীন বাড়িঘরের কাজ বন্ধ করে মালামাল জব্দ করা হয়। স্থানীয়রা জানায়, দখলদার এলাকার প্রভাবশালী হওয়ার কারণে কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে চান না।

রাঙ্গামাটি জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতি বছর শুকনো মৌসুমে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ বেদখলের প্রতিযোগিতা শুরু হয়। সম্প্রতি এর মাত্রা বেড়েছে। এ কারণে নষ্ট হচ্ছে পরিবেশ। বাড়ছে  হ্রদ দূষণের ঝুঁকি।