কক্সবাজারের উখিয়ায় সীমানা বিরোধ নিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে আবদুল সালাম (৪৫) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলাস্থ হাতিমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম ওই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে এবং পালংখালীর ৬ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।
স্থানীয় সুত্রে জানাযায়, এনজিও মুক্তিকে দেয়া একটি সড়কের জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় ৬ জন। সেখান থেকে উখিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহত আব্দুস সালাম।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।