খাদ্যে ভেজাল বিরোধী অভিযান চালতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভোলার লালমোহন উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর রুহুল আমীন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার লর্ডহার্ডিঞ্জ বাজারের অভিযানকালে এ হামলার ঘটনা ঘটে।
রুহুল আমীন জানান, ওই বাজারের ইতালী হোটেলে ভেজাল বিরোধী অভিযান চালানোর সময় দেখা যায় ইফতার সামগ্রীতে অস্বাস্থ্যকর রঙ মিশিয়ে বিক্রি করা হচ্ছে। বিষয়টি নিয়ে হোটেল মালিক আলমগীরকে সর্তক করে সেগুলো জব্দ করতে গেলে কয়েকজন মিলে হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে জেলার সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার দেশ রুপান্তরকে বলেন, রমজান উপলক্ষে গ্রামীণ হাট-বাজারগুলোতে মনিটরিং করতে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে।
সেই মোতাবেক হোটেলে বিষাক্ত রঙ মিশ্রিত খাবার বিক্রিতে বাধা দিলে হামলার ঘটনা ঘটে। হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে লালমোহন থানায় মামলার প্রস্তুতি চলছে।