সেনা নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে সৃষ্ট সংকট নিরসনে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোর সহায়তা চেয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ওআইসির ১৪তম শীর্ষ সম্মেলন সামনে রেখে গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি সহায়তার এই আহ্বান জানান। একই দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আজ শুক্রবার ওআইসির ১৪তম শীর্ষ সম্মেলন শুরু হবে। এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বৈঠকে মন্ত্রী বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের জোর করে বাস্তুচ্যুত করা হয়েছে। বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। এই সংকট সমাধানে ওআইসি দেশগুলোর সহায়তা জরুরি।
রোহিঙ্গাদের অধিকার রক্ষা ও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে মিয়ানমারকে বিচারের আওতায় আনার জন্য গাম্বিয়া সরকার উদ্যোগ নিয়েছে। সেজন্য গাম্বিয়াকে সাধুবাদ জানান মোমেন।