প্রাণ বাঁচাতে মাজারের ভেতরে ঢুকেও শেষ রক্ষা হয়নি স্বপন (৩০) নামে এক ঢালাই শ্রমিকের। মাদক ব্যবসায়ীদের উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তির একদিন পর শুক্রবার ভোরে মারা যান তিনি।
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার হাইজাদী ইউনিয়নের কাহিন্দী গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত স্বপন স্থানীয় হাইজাদীর ইউপির কাহিন্দী গ্রামের মৃত রহম আলীর ছেলে এবং এক সন্তানের জনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিংহদী গ্রামের রুস্তমের ছেলে মাদক ব্যবসায়ী শামীম ও তার সহোদর হাবিবুর হাতে ছুরি নিয়ে কাহিন্দী মাজার এলাকায় স্বপনের কাছে মাদক ব্যবসায়ী সেলিমের অবস্থান জানতে চায়। তার অবস্থান জানাতে না পারায় স্বপনকে ছুরিকাঘাত করা হয়।
এ সময় স্বপন দৌড়ে মাজারের ভেতরে অবস্থান নেন। তাতেও রক্ষা হয়নি। মাজারের ভেতরেই তাকে ফের উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।
নিহতের ভাই ইদ্রিস আলী দেশ রূপান্তরকে জানান, মাদক বিক্রিতে বাধা দেওয়া এবং একটি মোবাইল নিয়ে স্বপনের সঙ্গে তাদের দ্বন্দ্ব ছিল। এর আগেও তারা বেশ কয়েকবার তাকে হত্যার চেষ্টা করেছে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।