ধুঁকতে থাকা পাকিস্তান নিজেদের বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হয়েছে। চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১.৪ ওভারে ১০৫ রান করতে পেরেছে দলটি।
পাকিস্তান সর্বনিম্ন রান করে ১৯৯২ সালের বিশ্বকাপে। সেবার ৭৪ রানে গুটিয়ে যায় তারা। এরপর ২০০৭ সালের আসরে সর্বশেষ দেড়শর আগে আউট হওয়ার বাজে স্মৃতি সঙ্গী হয় তাদের। সেবার ১৩২ রানে অলআউট হয় দলটি। এবার এক যুগ পর আরেকবার এমন অভিজ্ঞতার মুখে পড়তে হল তাদের।
নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে শুক্রবার টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান জেসন হোল্ডার। প্রথম ১০ ওভারেই বোঝা যায় তার সিদ্ধান্ত কেন সঠিক ছিল।
এই সময়ে পাকিস্তান দলীয় ৫০ রান পান করলেও চলে যায় তিন উইকেট। ৩ উইকেট থেকে ৯ উইকেট চলে যায় মাত্র ৩৮ রানে! শেষ উইকেটে যোগ হয় ২২।
কোনো ব্যাটসম্যানই ৩০’র ঘরে স্কোর নিয়ে যেতে পারেননি। ওপেনার ফখর জামান ১৬ বলে ২২ করার পর পর তিন নম্বর ব্যাটসম্যান বাবর আজমও ২২ করেন। এরপর যাওয়া-আসার মিছিল।
বিশ্বকাপে পাকিস্তান আগে ব্যাট করে সাধারণত এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়নি। আগে ব্যাট করা দলের ভেতর জয়-পরাজয়ের অনুপাতে সর্বকালের দ্বিতীয় সেরা দল তারা। জয় ২৬টিতে, হার ১১টি। আগে বল করে অষ্টম সেরা, ১৪টি জয়ের বিপরীতে হার ১৮টিতে।